রূপগঞ্জে চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ড: পিবিআইয়ের অভিযানে দুই আসামি গ্রেফতার
- Update Time : 10:16:04 অপরাহ্ন, রবিবার, 18 জানুয়ারি 2026
- / 116 Time View
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের কায়েতপাড়া নিন্ম পল্লীতে সংঘটিত চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়ের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ সোহেল কামাল রশীদ (পিপিএম)-এর প্রত্যক্ষ সার্বিক সহযোগিতায় একটি চৌকস তদন্ত টিম গত শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা নাগাদ গাজীপুর জেলার গাছা থানাধীন কাশিমপুর এলাকা থেকে মোঃ বেলাল (৫২) ও বিল্লাল হোসেন ওরফে মানিক মিয়া (৪৮)-কে গ্রেফতার করে।
মামলার বাদী মোঃ লাল মিয়া (পিতা- মৃত মনি উদ্দিন, সাং- বীরাবাড়ী, ডাকঘর- তারাবো, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ) কর্তৃক দাখিলকৃত অভিযোগ অনুযায়ী, ভিকটিম আর রায়হান রিপন (৩৫) গত ১০ জানুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে বাসা থেকে বের হন।
পরবর্তীতে ১১ জানুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভিকটিমের মোবাইল ফোনে একটি কলের মাধ্যমে পরিবার জানতে পারে যে তিনি আর জীবিত নেই।
এরপর রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের কায়েতপাড়া সাকিনস্থ নিম্ন পল্লীর একটি রাস্তার ওপর থেকে ভিকটিমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা নং- ০২, তারিখ- ১১/০১/২০২৬ খ্রিঃ
ধারা- ৩০২/৩৪ দণ্ড বিধিমূলে একটি হত্যা মামলা রুজু করা হয়।
পরবর্তীতে মামলাটি পিবিআই-এর নিকট হস্তান্তর করা হলে পিবিআই নারায়ণগঞ্জ জেলা তদন্তভার গ্রহণ করে। তদন্তকালে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণসহ প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামিদের শনাক্ত করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
পিবিআই সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।










