বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ২ জন কারাগারে
- Update Time : 04:55:35 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026
- / 117 Time View
রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার কারবারি চক্রের দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)।
আজ শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার এসআই অপূর্ব দত্ত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ডলিপাড়ার একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর একটি টিম। অভিযানে আসামিদের হেফাজত থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি লেজার প্রিন্টিং ডায়েস, ১টি প্রিন্টার এবং ৩টি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় তুরাগ থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।











