নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
- Update Time : 04:14:45 অপরাহ্ন, শনিবার, 7 মার্চ 2026
- / 171 Time View
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।
শনিবার (রাত) আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় থাকা ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভবনের নিচতলায় অবস্থিত ঝুটের গোডাউনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দেয়াল, দরজা ও জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ে। বিস্ফোরণে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং ভবনের ভাড়াটিয়া ছগির।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ পাঠান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটেছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সূত্র: মো. শাহজাহান, সিনিয়র স্টেশন অফিসার, মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ।
















