নারায়ণগঞ্জে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাব, জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।

বুধবার দুপুরে সদর উপজেলার শহীদ নগর এলাকায় অবস্থিত ‘গ্রামীন সেমাই’ ও ‘আনন্দ সেমাই’ কারখানায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর কর্মকর্তা আল মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার।

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের চিত্র

অভিযানে দেখা যায়, গ্রামীন সেমাই কারখানাটি বিএসটিআইয়ের সিল ব্যবহার করলেও কোনো বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়।

অন্যদিকে, আনন্দ সেমাই কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম বহির্ভূত উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।