ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৭৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমানের পরামর্শে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যায়ক্রমে প্রস্তুতি সম্পন্ন করছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ অন্যান্য বাহিনী মাঠে কাজ করছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। ভোটের কয়েকদিন আগে থেকেই ধাপে ধাপে বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। কিছু ফোর্স ভোটগ্রহণের তিনদিন আগে, আবার কিছু বাহিনী ভোটের আগের দিন দায়িত্ব পালন শুরু করবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ এবং অন্যদের সহায়তা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় বিশ্বনাথে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।