চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমাদের সততার প্রমাণ দিতে হবে। ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, ‘নির্বাচনকালে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তবে ভোটের দিন কোনো অভিযোগ শুনতে চাই না। আপনার দায়িত্ব আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে। নির্বাচন নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তির দাসত্ব করব না, রাষ্ট্রের দাসত্ব করব। যে তরুণ রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে, তার কথা মনে রেখে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রে কোনো সমস্যা হলে পাঁচ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবে। এখন ভয় নয়, ত্যাগের সময়। ১২ তারিখ ভোট শেষ করে মানুষের প্রত্যাশা পূরণ করে ঘরে ফিরবেন। অপরাধীদের আর সতর্ক করা হবে না, এবার সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. ইশতিয়াক আলম খান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান,চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ এবং চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।