জুলাই মঞ্চের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ শাহবাগে অবস্থিত জুলাই মঞ্চে এক বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুলাই মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা অংশ নেন।
বিক্ষোভে বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল। শহীদ হাদিয়া হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত জুলাই মঞ্চ ও জুলাই যোদ্ধাদের ওপর দমন-পীড়ন চালিয়ে রাষ্ট্র জনগণের কণ্ঠ রোধ করতে চাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হামলার সময় একাধিক কর্মী আহত হন এবং ছবি তুলতে গেলে এক গণমাধ্যমকর্মী পুলিশি লাঞ্ছনার শিকার হন, যা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত। অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশি হামলা ও দমননীতি বন্ধ না হলে জুলাই মঞ্চের আন্দোলন আরও তীব্র করা হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।