আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে এক নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি রাজপথে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানুষের জান-মালের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে। এই অবস্থা থেকে উত্তরণে নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্ত ও নিরাপদ জনপদে রূপান্তর করতে হবে।
আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৩ আসনে আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সভাপতি মোহাম্মদ গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মামুন মিয়া; নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রাজা মিয়া; সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মোহাম্মদ রাশেদুল ইসলাম রাব্বি; ২নং ওয়ার্ড যুবদলের মোহাম্মদ ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক মো. স্বপন আলী বেপারী। এছাড়াও যুবদল নেতা মো. আরিফুল হক জিমি এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইব্রাহিম ও মো. নূহ নবী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার কারণে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন, মোহাম্মদ ইকবাল হোসেন, দলিল লেখক ও আমিন এবং সভাপতি, ২নং ওয়ার্ড যুবদল, নারায়ণগঞ্জ মহানগর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভোটাধিকার হরণ, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন আজ ব্যাহত হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে।
তিনি আরও বলেন, আজহারুল ইসলাম মান্নান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও জনগণের নেতা। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে শান্তি, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।