নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিয়াউল হক মৃধা
- Update Time : 04:37:23 pm, Sunday, 8 February 2026
- / 74 Time View
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে রাজনৈতিক স্বার্থ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে তিনটি মামলায় আসামি করা হয় এবং নিজ এলাকা থেকে বিতাড়িত করা হয়। তবে উল্লিখিত মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন। এমনকি মামলায় উল্লেখিত সময়ে তিনি সংসদ সদস্য পদেও অধিষ্ঠিত ছিলেন না বলে বিবৃতিতে উল্লেখ করেন।
জিয়াউল হক মৃধা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন।
প্রার্থীতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে তাকে ও তার নেতা-কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়ভীতি ও গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এ পরিস্থিতিতে অন্যান্য প্রার্থীর মতো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালানো সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, “এমন প্রতিকূল পরিবেশে দলের নেতাকর্মীদের সিদ্ধান্তক্রমে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি তার ভোটার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সৃষ্ট পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে নির্বাচনী এলাকার সকলের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।





















