কুমিল্লা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হকের নির্বাচিত জনসমাবেশ অনুষ্ঠিত
- Update Time : 11:01:00 pm, Sunday, 8 February 2026
- / 46 Time View
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক সমাবেশে পোলিং এজেন্টদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম। তিনি বলেন, নির্বাচনের দিন নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
মোয়াজ্জেম বলেন, “আমরা যখন হজ পালন করতে যাই, তখন আমাদের মা-বোনদের নিকাব খুলে ছবি তুলতে হয়, হজের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মহিলা ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে এ নিয়ে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করে, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।”
সমাবেশে কুমিল্লা কোটবাড়ি কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত ‘আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটি’র ধারণাপত্র উপস্থাপন করা হয়। ধারণাপত্রটি পেশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। এসময় স্যাটেলাইট সিটির অডিও-ভিজ্যুয়াল প্রস্তাবনাও প্রদর্শন করা হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, কালীর বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশটি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।




















