ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে আন্দোলনের হুঁশিয়ারি
- Update Time : 04:52:09 pm, Sunday, 1 February 2026
- / 30 Time View
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ বা কোটা সংরক্ষণের কোনো অপকৌশল গ্রহণ করা হলে তা রুখতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ।
রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ হুঁশিয়ারি দেন। প্রকৌশল সেক্টরে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমস্যার সমাধানে সরকার গঠিত কমিটির পক্ষ থেকে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. আখেরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত সিদ্ধান্ত ১৯৭৮ সালের সরকারি সিদ্ধান্তের পরিপন্থী। তারা এ ধরনের প্রস্তাবনা পরিহার করার জন্য সংশ্লিষ্ট সরকারি কমিটির প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রকৌশল পেশায় এ ধরনের ‘আত্মঘাতী’ প্রস্তাব পুরো কর্মক্ষেত্রকে অস্থিতিশীল করে তুলবে। তারা দাবি করেন, এ সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অপকৌশলের অংশ হতে পারে, যা জাতি কোনোভাবেই মেনে নেবে না।
মানববন্ধনে বক্তব্য দেন প্রকৌশলী মো. মনিরুজ্জামান, প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আবদুর রহমান, প্রকৌশলী জয়নুল আবেদীন, প্রকৌশলী মো. এরশাদ উল্ল্যাহ, প্রকৌশলী আজিজুল ইসলাম, প্রকৌশলী তরিকুল ইসলাম তরিক, প্রকৌশলী বাচ্চু মিয়া, প্রকৌশলী পারভেজ মোশাররফ রাঢ়ী, প্রকৌশলী মমিনুল ইসলাম, প্রকৌশলী রায়হান মিয়া, শিক্ষক নেতা প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী তৈয়বুর আলী মুকুল, ছাত্রনেতা জোবায়ের পাটুয়ারী, মাশফিক দেওয়ান, হাবিবুর রহমান হাবিব, সিথি, পায়েল ও অনিমা প্রমুখ।
এদিকে একই দাবিতে দেশের প্রত্যেক জেলা সদরে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।















