টিকিটবিহীন যাত্রী বহনের অভিযোগ, তিন রেলকর্মী সাময়িক বরখাস্ত
- Update Time : 03:02:05 pm, Sunday, 1 February 2026
- / 50 Time View
টাকার বিনিময়ে অবৈধভাবে টিকিটবিহীন যাত্রীদের রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) এর স্বাক্ষরে শনিবার এ বরখাস্তের আদেশ জারি করা হয়।
গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে দায়িত্ব পালনকালে টাকার বিনিময়ে কতিপয় যাত্রীকে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্তরা হলেন স্টুয়ার্ড-১ মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২), ঢাকা হেডকোয়ার্টার।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর রেল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিন রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
















