আগামীতে ক্ষমতায় গেলে বেকারমুক্ত বাংলাদেশ গড়তে চাই: পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান
- Update Time : 06:23:17 pm, Friday, 23 January 2026
- / 66 Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামীতে একটি বেকারমুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই।”
আজ পঞ্চগড় চিনিকল মাঠে দশদলীয় জোট আয়োজিত নির্বাচনী প্রচারণা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। উত্তরবঙ্গের মানুষকে চিকিৎসাসেবার জন্য রাজধানীতে ছুটতে হয়। সবার সে সামর্থ্য নেই। পথে অনেকের মৃত্যুও হয়। আমরা এ অবস্থা দেখতে চাই না। আল্লাহ দায়িত্ব দিলে ৬৪ জেলার কোথাও মেডিকেল কলেজবিহীন থাকবে না।”
অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন, “চুরি করে বিদেশে নিয়ে যাওয়া ২৮ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা হবে।”
উত্তরবঙ্গ নিয়ে প্রতিশ্রুতি
ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গের সঙ্গে ‘সৎ মায়ের সন্তানের মতো’ আচরণ করা হয়েছে। অথচ এই অঞ্চল দেশের খাদ্য ও পুষ্টির বড় যোগানদাতা।
তিনি বলেন, “উত্তরবঙ্গ থেকে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনিকল খুলে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনব।”
নদী ও উন্নয়ন প্রসঙ্গ
উত্তরবঙ্গের নদ-নদীর দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদী আজ প্রায় মৃতপ্রায়। “আল্লাহর দান নদীগুলোকে খুন করা হয়েছে,” মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল পাঁচ বছরে একবার জনগণের কাছে আসে, বাকি সময় তৃণমূলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। “আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আছি এবং থাকব,” বলেন তিনি।
১০ দলকে সংসদে পাঠানোর আহ্বান
জামায়াত আমীর বলেন, “আপনারা যদি মূল্যবান ভোট দিয়ে ১০ দলের সমন্বয়কে সংসদে পাঠান এবং আমরা সরকার গঠন করতে পারি, শুধু নদীর জীবনই নয়, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।”
তিনি দাবি করেন, পাঁচ বছর সময় পেলেই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া সম্ভব।
শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
ডা. শফিকুর রহমান শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা আপনাদের প্রতি ঋণী। সরকার গঠনের সুযোগ পেলে সেই ঋণ পরিশোধের চেষ্টা করব।”
ভোটাধিকার ও আন্দোলনের ঘোষণা
তিনি বলেন, “আপনারা বহুদিন ভোট দিতে পারেননি। এখন ভোটের অপেক্ষায় আছেন। আপনার ভোট কেউ ডাকাতি করতে এলে রুখে দিতে হবে।”
বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সভায় যারা উপস্থিত ছিলেন
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন— জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১০ দল মনোনীত প্রার্থী সারজিস আলম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।
























