ছাত্রদল নেতা সহ যৌথবাহিনীর হাতে আটক ৮
ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
- Update Time : 09:05:26 pm, Saturday, 10 January 2026
- / 555 Time View
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারী) বিকালে সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট সেক্টরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল গ্রুপ এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিকেলে তক্কার মাঠ এলাকায় উভয়পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
সংঘর্ষে আহত ৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ মোট ৮ জনকে আটক করা হয়।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।























