রূপগঞ্জে তেলের ট্রাক ডাকাতির চেষ্টা: দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
- Update Time : 11:54:53 অপরাহ্ন, বুধবার, 25 ফেব্রুয়ারি 2026
- / 88 Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক ডাকাতির চেষ্টা চালিয়ে পালানোর সময় দেশীয় অস্ত্র, একটি খেলনা ওয়াকিটকি ও একটি হায়েস গাড়িসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লুণ্ঠিত ট্রাক উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে মুড়াপাড়া ইউনিয়ন-এর ১নং ওয়ার্ডের বানিয়াদী এলাকায় এলায়েট মিলস সংলগ্ন পাকা সড়কে ৮/১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক ডাকাতি করে পালানোর চেষ্টা করে।
ঘটনার সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এবং এসআই (নিঃ) জয়নাল আবেদীনসহ একটি চৌকস আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সেকান্দার (৪০), পিতা: শামসুদ্দিন, মাতা: ছফুরা বেগম। স্থায়ী ঠিকানা: বোয়ালিয়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা: রূপসী বাগবাড়ী, রূপগঞ্জ (ভাড়াটিয়া)। ২. রন চন্দ্র শীল (৩০) (ড্রাইভার), পিতা: মৃত গেনেন্দ্র চন্দ্র শীল, মাতা: শ্রমতী রানী শীল। ঠিকানা: গাজীপুরা, ৬নং ওয়ার্ড, আড়াইহাজার পৌরসভা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
অভিযানকালে ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত তেলের ড্রাম ভর্তি ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





















