রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
- Update Time : 04:27:57 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026
- / 30 Time View
বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হয়। ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পরিবর্তনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানান।
দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সাক্ষাৎকার ঘিরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়। এর একদিন পরই রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকার আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।






















