ফতুল্লায় চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- Update Time : 11:38:16 অপরাহ্ন, শুক্রবার, 13 মার্চ 2026
- / 86 Time View
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় চুরি হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার (১১ মার্চ) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৪৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি বাসার দরজার তালা খুলে গোপনে ঘরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণের ৮টি চেইন, একটি গলার হার, ৬টি আংটি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মোট প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা-এ এফআইআর নং–৪৩, তারিখ ১৩ মার্চ ২০২৬ ইং, দণ্ডবিধির ৩৮০/৪৫৪ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলা রুজুর পর থানার অফিসার ইনচার্জের নির্দেশে সাব-ইন্সপেক্টর (নিঃ) শামীম হোসেন ও এসআই (নিঃ) মো. রফিক (বিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলার ডান পাশের একটি কক্ষ থেকে দুইজন আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. পারভেজ (৪০, পিতা-হাবিব, মাতা- পারভীন, সাং- চৌরঙ্গপাড়া, সোমবারের বাজার, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ (বর্তমানে ফতুল্লার রহিম চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া)। ২, মো. মিয়াজ (২৯), পিতা- আব্দুল কাদের, মাতা- বিউটি বেগম, সাং- মাঝকান্দিরচর, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চোরাইকৃত ৭টি স্বর্ণের চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট, ৪টি কানের দুলসহ মোট ৫ ভরি ১৪ আনা ৫ রতি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিই পেশাদার চোর। তারা বিভিন্ন বাসা-বাড়ির তালা ভেঙে গোপনে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।





















