চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ, একজন নিখোঁজ
- Update Time : 09:50:20 অপরাহ্ন, বৃহস্পতিবার, 5 মার্চ 2026
- / 123 Time View
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে গরু পারাপারের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও পরে তাকে অন্যত্র নেওয়ার পথে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে গরু পারাপারের সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে দুলভপুর এলাকার বাসিন্দা মোঃ মোরশেদ আলী (৩৫), পিতা—মোঃ মুনিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হওয়ার পর নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে একজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে পথিমধ্যে তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় অবৈধ গরু পারাপারের সঙ্গে কিছু দালাল ও সোর্স জড়িত রয়েছে। স্থানীয় সূত্রে মোহাম্মদ খলিল (গ্রাম—নয়া লা ভাঙ্গা, শিবগঞ্জ), মোঃ পিন্টু (গ্রাম—বোগলা উড়ি, মনোহরপুর) এবং মোঃ শুক উদ্দিন (মনাকষা, শিবগঞ্জ)সহ কয়েকজনের মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা আরও বলেন, এর আগেও সংবাদ প্রকাশের পর সীমান্ত এলাকায় টহল জোরদারের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।
স্থানীয়দের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।


















