আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
- Update Time : 11:24:20 অপরাহ্ন, শুক্রবার, 27 ফেব্রুয়ারি 2026
- / 30 Time View
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সশস্ত্র হামলায় গৃহকর্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আজাদ হোসেনের বাড়িতে ওই সময় তার স্ত্রী স্বপ্না বেগম এবং বৃদ্ধ মা অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে কর্মরত আছেন।
স্বপ্না বেগম জানান, রাত আনুমানিক ১টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল সদর দরজার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে মারধর করা হয় এবং চিৎকার না করার জন্য গলায় রামদা ধরে রাখা হয়। পরে ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা।
পালানোর সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আক্তার হোসেন ও মজিবুর নামে দুজন আহত হন।
আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আক্তার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে ভর্তি আছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, লুট হওয়া মালামাল উদ্ধারে এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। আড়াইহাজার থানার ওসি বলেন ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





















